...|...|...

সারাদেশ

বুধবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১০:১০
Shares
বুধবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের মোহরা, পটিয়া ও বাড়বকুণ্ডের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা সার্কিট-০১ এবং ৩৩ কেভি মোহরা-অনন্যা রিং সার্কিটের মোহরা-১১ ও অনন্যা-১০ ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোলপোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ী, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ী, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদ্রাসা, মধ্যম মাদ্রাসা, গ্রিড কলোনি রোড, চিনার পোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণ হাট।

একই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটিয়া বিতরণ বিভাগের আওতাধীন জুলদা ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ১১ কেভি মৌলভীবাজার ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ তালিকায় রয়েছে মৌলভীবাজার, জুলদা, প্যারাগন ব্রিকফিল্ড এলাকা, গোয়ালপাড়া, বাদামতল, ছিবাতল, জোনাকি স্কুল, ডাঙ্গারচর, কোডেক এবং চরলক্ষ্যা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকা। এ ছাড়া বেলার বাপের বাড়ি থেকে লক্ষীর বাপের বাড়ি, মাগন আলী তালুকদার বাড়ি থেকে আইয়ুব শাহ বাড়ি, মহিলা মেম্বারের বাড়ি, নাসির ওয়ার্কশপ, জসিম মেম্বার বাড়ি ও টেম্পু স্টেশন এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাড়বকুণ্ড বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ১১ কেভি বাড়বকুণ্ড এফ/০১ ফিডারের রহমত নগর ও হাসনাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইনকে সব সময় চালু রয়েছে বলে বিবেচনা করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সাথে বকেয়াসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।