...|...|...

বিশ্ব

খামেনি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, সকাল ১১:২৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৩:১৭
Shares
খামেনি হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

আইআরজিসি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বাহিনীটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি বলেছেন, এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে এবং এর স্মৃতি কখনো ইতিহাস থেকে মুছে যাবে না।

শুক্রবার (১০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির দাফনের পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি প্রধান অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের শত্রুরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের শক্তিকে দুর্বল করতে পারবে না।

ভাহিদি বলেন, “আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুর জেনে রাখা উচিত, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না।”

তিনি আরও বলেন, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা ইরানের জন্য একটি বৈধ ও অবিস্মরণীয় দাবি হিসেবে বহাল থাকবে।

উল্লেখ্য, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়। দাফনের পরপরই আইআরজিসি প্রধানের এই প্রতিশোধের হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।