...|...|...

বিশ্ব

করাচিতে ১৪৪ ধারা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৭ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৬
Shares
করাচিতে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে প্রতিবাদ-বিক্ষোভের কারণে জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল রবিবার (১১ অক্টোবর) থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভি এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন প্রধান সড়ক, মোড় ও গোলচত্বরে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে। পাশাপাশি দেখা দিচ্ছে গুরুতর নিরাপত্তাঝুঁকি।

দেশটির প্রশাসনের ভাষ্য, এসব কর্মসূচির কারণে সড়ক অবরুদ্ধ হয়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নাগরিক ও বাণিজ্যিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো, জনশান্তি বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সাময়িক বিধিনিষেধ আরোপ প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচজনের বেশি মানুষের অংশগ্রহণে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, র‍্যালি, মিছিল ও অন্যান্য জনসমাবেশ আয়োজন, আহ্বান কিংবা তাতে অংশ নেওয়া নিষিদ্ধ। এসব কর্মসূচিতে সহায়তা করাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, জনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট এলাকায় জনসমাবেশ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে।