...|...|...

বিশ্ব

এবার ইমরান খান শাসিত প্রদেশে জরুরি অবস্থা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৯
Shares
এবার ইমরান খান শাসিত প্রদেশে জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইন-সাফ (পিটিআই) পরিচালিত এই প্রাদেশিক সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে ‘ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেওয়ার’ অভিযোগ এনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) নিরাপত্তার দায়িত্বে থাকা সংবিধানের দুটি অনুচ্ছেদের অধীনে এই জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কার্যকরভাবে পিটিআই পরিচালিত ওই প্রাদেশিক সরকারের ক্ষমতা স্থগিত হয়ে গেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান যে, তিনি মন্ত্রিসভার এই সুপারিশ অনুমোদন করেছেন।

আল জাজিরার তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে দূরে সরে থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছেন।

কারাগারে দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বন্দি থাকা সত্ত্বেও দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তার অধিকারী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই যখন রাজধানীর ইসলামাবাদের দিকে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই জরুরি অবস্থা জারির ঘটনা ঘটল।