ভারতে বসবাসরত বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি থেকে ছাড়লেন মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের কেশবন শানমুগাম নামের এক কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর মাইক্রোসফটের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান কেশবন।এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তিনি জানান, মাইক্রোসফট ছেড়ে আসাটা ছিল একটি কঠিন সিদ্ধান্ত। কারণ ‘এক্সেল কো-পাইলটের’ কাজ এবং সহকর্মীদের সাথে কাজ করাটা তিনি বেশ উপভোগ করতেন। তবে বাবা-মায়ের সাথে আরও বেশি সময় কাটানোকেই তিনি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন।
কেশবন লিখেছেন, ‘এমন একটি সিদ্ধান্ত নেওয়া সম্ভব করার জন্য আমি মাইক্রোসফটের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এ ছাড়া মাইক্রোসফটের বর্তমান ও প্রাক্তন সব সহকর্মীকে জানাই অশেষ ধন্যবাদ, যারা আমার এই কর্মযাত্রাকে আনন্দদায়ক, উদ্দীপনাপূর্ণ ও তৃপ্তিদায়ক করে তুলেছিলেন।’
লিঙ্কডইনে তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শত শত প্রতিক্রিয়া পাওয়া গেছে। ক্যারিয়ারের চেয়ে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তটির জন্য অনেকেই তার প্রশংসা করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সম্ভবত আপনার নেওয়া অন্যতম সেরা একটি সিদ্ধান্ত।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না। তবে বাবা-মাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমার নজর কেড়েছে; আপনার জন্য রইল শুভকামনা।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘যে কাজ আপনি এখনও উপভোগ করছেন, তা ছেড়ে আসা সহজ নয়। তবে বাবা-মায়ের সাথে আরও বেশি সময় কাটানোর বিষয়টি জীবনের নতুন একটি অধ্যায় শুরুর জন্য অত্যন্ত অর্থবহ একটি কারণ।’
আরেক ব্যবহারকারীর লিখেছেন, ‘হয়তো এখনই বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। তবে এটি আপনার জীবনের অন্যতম সেরা একটি কাজ হিসেবে গণ্য হবে।’


