...|...|...

বিশ্ব

হুথিদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান ইয়েমেনের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৪
Shares
হুথিদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান ইয়েমেনের

ছবি: সংগৃহীত

হুথিদের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আব্দুলআজিজ আল-জুবাহ। বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বন্ধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল এল-শেখ আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলেন আল-জুবাহ। এ সময় হুথিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলামি বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আল-জুবাহ বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ইসলামি ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপরও জোর দেন তিনি।

ইয়েমেনের এডেন বিমানবন্দর ও সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে সাম্প্রতিক হুথি হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ এবং বেসামরিক স্থাপনার মর্যাদা লঙ্ঘন বলে অভিহিত করেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, নিজেদের কর্মকাণ্ডের পক্ষে সমর্থন আদায়ে হুথিরা ইসলাম, ফিলিস্তিন ইস্যু এবং জেরুজালেম ও গাজা রক্ষার স্লোগান ব্যবহার করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের সঙ্গে যোগাযোগ ও যৌথ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন ওআইসি মহাসচিব। এর লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ইয়েমেনসহ পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।