যুদ্ধ আবার শুরু হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা–বিষয়ক স্থাপনা ও যোগাযোগের কেবল ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাবিষয়ক প্রধান মোহসেন রেজায়ি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
সম্প্রতি রেজায়ির ৩০ মিনিটের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রেস টিভি। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, হরমুজ প্রণালী এবং সংঘাত শুরু হলে মার্কিন প্রযুক্তি স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়ে কথা বলেন তিনি।
রেজায়ি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালীর আশপাশে যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবান স্থাপনা রয়েছে। এখনো সেগুলোকে ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়নি। তবে যুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের বহু কেবল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা–বিষয়ক স্থাপনা ও অন্যান্য কেন্দ্র ধ্বংস হয়ে যেতে পারে।
এসব স্থাপনাকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘প্রাণস্পন্দন’ হিসেবে উল্লেখ করেন রেজায়ি। তাঁর দাবি, স্থাপনাগুলোর মূল্য দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি।
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান নতুন সক্ষমতা ও কৌশল প্রয়োগে প্রস্তুত বলেও জানান তিনি। রেজায়ির ভাষ্য, আগের সংঘাতে ইরান তার সব সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। ভবিষ্যতে সংঘাত শুরু হলে আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করবে তেহরান।


