...|...|...

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) ছররা গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গিয়েছিলেন সাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন।

বিজিবি সূত্রে জানা গেছে, গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পেয়ে জামালপুর বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সীমান্তের বাংলাদেশ অংশে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি পাল্টা ফায়ার করে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে, এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।