...|...|...

খেলা

টাকার সংকটে জার্সিতে ১৪৮ স্পনসর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১২
Shares
টাকার সংকটে জার্সিতে ১৪৮ স্পনসর

ছবি: সংগৃহীত

আর্থিক সংকট সামাল দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইকুয়েডরের ক্লাব এল ন্যাসিওনাল। নিজেদের নতুন জার্সিতে জায়গা দিয়েছে ১৪৮টি স্পনসর প্রতিষ্ঠানের নাম ও লোগো। এত বিপুলসংখ্যক স্পনসরের উপস্থিতিতে জার্সিটি ইতোমধ্যে ফুটবল দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

গত আগস্টে জার্সির বিভিন্ন অংশ স্পনসরদের জন্য উন্মুক্ত করে দেয় ইকুয়েডরের ক্লাবটি। সমর্থক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে জার্সিতে নিজেদের নাম বা লোগো যুক্ত করার সুযোগ পায়। এর মাধ্যমে আর্থিক সংকট মোকাবিলায় বাড়তি অর্থ সংগ্রহের উদ্যোগ নেয় এল নাসিওনাল।

স্পনসরশিপের প্যাকেজগুলোও রাখা হয়েছিল তুলনামূলক কম দামে। সর্বনিম্ন ২৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত ছিল বিভিন্ন প্যাকেজের মূল্য। সাড়া মিলেছে সেই উদ্যোগে। শেষ পর্যন্ত ক্লাবটির জার্সিতে স্থান পেয়েছে ১৪৮টি স্পনসরের নাম ও লোগো।

অভিনব এই জার্সি পরে মাঠেও নেমেছে এল ন্যাসিওনাল। তবে নতুন পোশাকে অভিষেকটা সুখকর হয়নি তাদের। কুমবায়ার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ক্লাবটি।

মাঠের পারফরম্যান্সেও বর্তমানে কঠিন সময় পার করছে এল ন্যাসিওনাল। ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের ১২ দলের লিগে দলটির অবস্থান ১১তম। ৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তলানির কাছাকাছি। ১০ নম্বরে থাকা দলের চেয়ে পিছিয়ে আছে ১৪ পয়েন্টে।

তবে জার্সিতে এত বেশি স্পনসর যুক্ত করার পেছনে মূল লক্ষ্য ছিল ক্লাবের আর্থিক সংকট মোকাবিলা করা। তাই নতুন জার্সিটি এখন শুধু দলের পরিচিত পোশাক নয়, বরং সংকট থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এল ন্যাসিওনালের ব্যতিক্রমী প্রচেষ্টার প্রতীকও হয়ে উঠেছে।