...|...|...

বিশ্ব

ইয়েমেনের জলসীমায় ভয়াবহ হামলার শিকার ভারতীয় জাহাজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
ইয়েমেনের জলসীমায় ভয়াবহ হামলার শিকার ভারতীয় জাহাজ

ছবি: সংগৃহীত

ইয়েমেনের জলসীমায় গোলাগুলির শিকার হওয়া একটি প্রমোদতরীতে থাকা ১৪ জন ভারতীয় নাগরিকই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। দেশটির হোদেইদা এলাকায় তাদের নিরাপদে পাওয়া গেছে জানিয়ে তাদের সার্বিক কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দূতাবাস।

ভারতের বার্তা সংস্থা ‘এএনআই’-এর প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত ২২ অক্টোবর ইয়েমেন উপকূলে ঘটে যাওয়া ওই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কাজ শুরু করার কথা জানিয়েছিল দূতাবাস।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছিল যে, লোহিত সাগরের দক্ষিণাংশে জুকার দ্বীপের কাছে ১৪ জন ভারতীয় নাগরিককে বহনকারী একটি ভারতীয় প্রমোদতরী বা ইয়টে হামলা চালিয়েছে সৌদি আরব। এরপরই তাদের বাহিনী একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান যে, বিস্তারিত তথ্য হাতে আসার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী তা শেয়ার করবে।

এক্স-এ দেওয়া এক পোস্টে সারি অভিযোগ করেছিলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি শত্রু পক্ষ জুকার দ্বীপের কাছে ১৪ জন ভারতীয় নাগরিককে বহনকারী একটি ভারতীয় ইয়টে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের উদ্ধারে কাজ করছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সৌদি শত্রু পক্ষের এই বেপরোয়া কর্মকাণ্ড লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচলকে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সৌদি শত্রু পক্ষের এসব বেপরোয়া কার্যক্রম থামাতে হবে।

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরই এই নতুন পরিস্থিতি তৈরি হলো। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ওই বিমানবন্দর হামলায় এক ভারতীয় নাগরিকসহ দুজন নিহত এবং অপর দুই ভারতীয় নাগরিক আহত হন।