ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জোটটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশে ড্রোনগুলো প্রতিহত করা হয়। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।
সর্বশেষ বিবৃতিতে দক্ষিণাঞ্চলমুখী আরও দুটি ড্রোন প্রতিহত করার কথা জানায় জোটটি। এর আগে রিয়াদ, মদিনা ও পূর্বাঞ্চলের আকাশে একাধিক ড্রোন ধ্বংসের খবর দেওয়া হয়েছিল।
তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল, কিংবা সেগুলো প্রতিহত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানায়নি জোটটি।
এর আগের দিন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলে হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করার পর আকাশ থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হন। অন্যদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় আরও দুজনের মৃত্যু হয়।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী।


