...|...|...

বিশ্ব

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বন্দুক হামলা, নিহত ৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৯:২৪
Shares
জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বন্দুক হামলা, নিহত ৭

ছবি: সংগৃহীত

জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-মামলাকা’র বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাক শহরের হামুদ গির্জার একটি অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রার সময় একটি গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারী হামলা চালায়। তারা দীর্ঘ সময় ধরে সেখানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী গির্জা চত্বর ঘিরে ফেলে এবং সন্দেহভাজন হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকা খালেদ বুরকান নামের এক ব্যক্তি আল-মামলাকাকে জানান, ওই সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ দুই ব্যক্তি—যাদের একজনের হাতে রাইফেল এবং অন্যজনের হাতে পিস্তল ছিল—এসে উপস্থিত লোকজনের ওপর অনবরত গুলি চালাতে শুরু করে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং জর্ডান কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি।

মধ্যপ্রাচ্যের তুলনামূলক স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত জর্ডানে এ ধরনের সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর থেকে দেশটি ইরানের বিভিন্ন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং সেখানে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, জর্ডানের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে বিশ্বজুড়ে খ্রিস্টান তীর্থযাত্রীদের আকৃষ্ট করে এমন বেশ কয়েকটি ঐতিহাসিক ও বাইবেলেনীয় পবিত্র স্থান রয়েছে এই দেশটিতে।