...|...|...

বিশ্ব

সেলফ-ড্রাইভিং মোডে টেসলার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৮
Shares
সেলফ-ড্রাইভিং মোডে টেসলার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল। গাড়ির চালকের দাবি, তখন টেসলায় স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স মোড চালু ছিল।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে ভালেহো এলাকার ইন্টারস্টেট ৮০ মহাসড়কের একটি ইন্টারচেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধকে ধাক্কা দেয় টেসলাটি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের তথ্য অনুযায়ী, গাড়িটি চালাচ্ছিলেন সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী এক বাসিন্দা। ওই বৃদ্ধ রাস্তার ডান দিক থেকে সেন্ট্রাল ডিভাইডারের দিকে হেঁটে যাওয়ার সময় গাড়িটির সামনে চলে আসেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার ধাক্কায় বৃদ্ধটি রাস্তায় পড়ে যাওয়ার পর আরেকটি গাড়িও তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার পর সেখানে থেমেছিলেন শুধু টেসলা গাড়ির চালক। মাঝরাতে ওই বৃদ্ধ কেন ব্যস্ত মহাসড়কটি পার হচ্ছিলেন, তা এখনো জানা যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভিডিওতে দেখা গেছে যে পথচারীকে বাঁচানোর জন্য টেসলা গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক চেপে ধরে। তবে এই এড়ানোর চেষ্টার পরেও টেসলার সামনের ডান পাশের অংশটি ওই ব্যক্তির গায়ে আঘাত করে।’

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, গাড়িতে স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স ব্যবস্থা চালু থাকলেও নিরাপদে গাড়ি চালানোর মূল দায়িত্ব চালকের ওপরই থাকে।

এর আগে গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ির দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। টেক্সাসের হ্যারিস কাউন্টির কেটি এলাকায় স্বয়ংক্রিয় ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স মোডে থাকা একটি টেসলা মডেল ৩ গাড়ি ৭৬ বছর বয়সী মার্থা আভিলার বাড়িতে ঢুকে পড়ে। ঘটনাস্থলটি হুস্টন থেকে প্রায় ৩০ মাইল পশ্চিমে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে চালক মাইকেল বাটলারের গাড়িটি বাড়িটির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে আভিলাকে আঘাত করে। দুর্ঘটনার সময় তিনি বাড়ির সামনের ঘরে দাঁড়িয়ে ছিলেন। পরে তাকে মেডিক্যাল হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালকের মধ্যে মদ্যপান বা নেশাগ্রস্ত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। তদন্তের সময় তিনি কর্তৃপক্ষকে সহযোগিতা করেন।

টেসলার ‘অটোপাইলট’ চালক-সহায়তা প্রযুক্তি জনপ্রিয় হলেও এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানটির নির্দেশিকায় চালকদের স্টিয়ারিং হুইলে হাত রাখা এবং প্রয়োজনে যেকোনো সময় গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।