...|...|...

বিশ্ব

বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৭
Shares
বাংলাদেশ-ভারতকে যেভাবে প্রভাবিত করতে পারে ট্রাম্পের নতুন শুল্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারতসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) এ প্রস্তাব দিয়েছে। এতে বিশ্বব্যাপী শুল্কযুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রফতানি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ এবং ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ হতে পারে। এ ছাড়া চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে ভারতের শুল্কহার কমিয়ে ১৭ শতাংশ করার সুযোগ রাখা হয়েছে।

নতুন এই শুল্ক প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ঢাকা ও দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। তবে আলোচনার মাধ্যমে বাণিজ্যসংক্রান্ত সংকট সমাধানের কথা জানিয়েছে দুই দেশই।

বাংলাদেশের পোশাক খাতে বাড়ছে শঙ্কা

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে গত জুলাইয়ে আরোপিত অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। খাতসংশ্লিষ্টদের ধারণা, নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে পণ্যভেদে বাংলাদেশের মোট গড় শুল্কহার প্রায় ৩৩ শতাংশে পৌঁছাতে পারে।

বিদেশি বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, বিপুল খেলাপি ঋণ, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি বাজার। ফলে নতুন শুল্ক পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘গত বছরের এপ্রিল থেকে শুরু হয়েছে এটা। এরপর থেকেই একের পর এক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটেই চলেছে।’

তিনি আরও জানান, ভিয়েতনাম ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে অন্য দেশগুলোর রফতানি কমেছে। চীনের রফতানি কমেছে ৩৭ শতাংশ।

অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত অনেক অভিযোগই যৌক্তিক নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটি করেছে সেটিও বৈষম্যমূলক। সেখান থেকে বের হয়ে আসা দরকার ছিল। কিন্তু সেটির পরও আবার উল্টো বাংলাদেশের ওপর ট্যারিফ আরোপ হচ্ছে, এটা দুঃখজনক।’

তার মতে, প্রতিযোগী দেশগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশ যে সুবিধা পাবে, তার নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়লে ক্রেতাদের চাহিদা কমবে। পাশাপাশি চীন কম দামে ইউরোপের বাজারে পণ্য সরবরাহ করলে সেখানেও প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ।

মার্কিন তুলায় মিলতে পারে শুল্কমুক্ত সুবিধা

নতুন শুল্ক প্রস্তাবের মধ্যেও বাংলাদেশের জন্য কিছুটা সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল। তার মতে, মার্কিন তুলা ব্যবহার করে উচ্চমূল্যের পোশাক উৎপাদনের মাধ্যমে বিশেষ শুল্ক সুবিধা কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে যুক্তরাষ্ট্র একটা সুবিধা দিয়েছে, টিআরকিউ নামে। যেখানে ওদের কটন ব্যবহার করলে আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। এটাকে মন্দের ভালো বলতে পারেন।’

এ ছাড়া রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভারতের পোশাক ও ইলেকট্রনিকস খাত ঝুঁকিতে

বাংলাদেশের তুলনায় ভারতের অর্থনীতি বড় ও বহুমুখী হলেও নতুন মার্কিন শুল্ক দেশটির রফতানি খাতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। বিশেষ করে পোশাক ও ইলেকট্রনিকস শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের ব্যবসায়ী সংগঠন ফিকির সহযোগী প্রতিষ্ঠান ফিকি-সিএমএসএমইর সভাপতি হরজিন্দর কৌর তালওয়ার নতুন শুল্ক প্রস্তাবকে ভারতীয় শিল্পের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তবে দেশটির বেশ কিছু রফতানি পণ্য এখনও শুল্ক ছাড়ের আওতায় থাকায় কিছুটা সুবিধা পেতে পারে ভারত।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে ভারতের প্রস্তাবিত শুল্কহার ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হতে পারে। তবে এতে ভারত কতটা লাভবান হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রোমোশন কাউন্সিলের চেয়ারম্যান পঙ্কজ চাড্ডা। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মাত্র এক শতাংশ কম শুল্ক ভারতের জন্য উল্লেখযোগ্য সুবিধা তৈরি করবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ভারতের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ রবীন্দ্র সচদেব জানিয়েছেন, মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে জবরদস্তিমূলক শ্রম ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পাশাপাশি ডিজিটাল কর, সামুদ্রিক বাণিজ্য ও চালজাত পণ্য নিয়েও তদন্ত ও আলোচনা চলছে। ফলে ভবিষ্যতে আরও বাড়তি শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে।

ভারতের সাবেক কূটনীতিক অশোক সজ্জনহারের মতে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি থাকলেও নতুন শুল্কের ঝুঁকি এড়ানো যাচ্ছে না। জাপান ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি থাকার পরও নতুন শুল্কের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

এমন পরিস্থিতিতে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমানো, বিকল্প রফতানি বাজার তৈরি এবং বাণিজ্যিক ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।