...|...|...

বিশ্ব

ইরানি বাহিনীর গুলিবর্ষণে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৯
Shares
ইরানি বাহিনীর গুলিবর্ষণে পালাল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

ইরানের আকাশসীমার কাছে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি চালিয়ে গতিপথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

শুক্রবার (২৭ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আইআরজিসি বলেছে, হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বে ইরানের আকাশসীমার কাছে চলে এসেছিল মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানটি। এ সময় সেটি নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজকে আকাশপথে নিরাপত্তা ও সহায়তা দিচ্ছিল বলে অভিযোগ করেছে তেহরান।

আইআরজিসির দাবি, যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসার পর তাদের আধুনিক ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি চালানো হয়। এরপর এফ-১৬টি দ্রুত দিক পরিবর্তন করে এলাকা থেকে সরে যায়।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিয়ম লঙ্ঘনকারী জাহাজ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে আইআরজিসি আরও বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান আবারও এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা করলে বা ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে আকাশ প্রতিরক্ষাবাহিনীর ‘চূড়ান্ত জবাবের’ মুখোমুখি হবে। এমন পরিস্থিতিতে এর আগে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো পরিণতি হতে পারে বলেও দাবি করেছে আইআরজিসি।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।