নতুন সরকারি চাকরি পাওয়ার আনন্দ উদযাপন ও পূজা দিতে পরিবারের সবাই মিলে যাচ্ছিলেন মন্দিরে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেই আনন্দ পরিণত হলো বিষাদে। ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ নারী ও পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলার পাইনকি গ্রামের কাছে ৩৩ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিবেক কুমারের স্ত্রী সরকারি শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। সেই আনন্দ উদযাপন ও পূজা দিতে বিহারের নালন্দা জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে একটি স্করপিও গাড়িতে করে রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দিরে যাচ্ছিলেন তারা।
পথে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় স্করপিও গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এর বিভিন্ন অংশ সড়কে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুজু থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতরে আটকে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়। গুরুতর আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর অপর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


