...|...|...

বিশ্ব

মিয়ানমারে জান্তার লাগাতার বিমান হামলায় শিশুসহ নিহত বেড়ে ৭০

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯
Shares
মিয়ানমারে জান্তার লাগাতার বিমান হামলায় শিশুসহ নিহত বেড়ে ৭০

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৭০ জনের বেশি নিহত হয়েছেন। পৃথক দুই দিনের এসব হামলায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি। দেশটির বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রবিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে এসব হামলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাও হামলার কবলে পড়েছে।

কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের কর্মকর্তা বানিয়া খুং অং অভিযোগ করেছেন, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরেও হামলা চালিয়েছে সামরিক বাহিনী। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে রাখাইন রাজ্যের উদ্ধারকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে সামরিক শাসনবিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র নে ফোন লাট জানিয়েছেন, হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ এসব হামলার বিষয়ে সামরিক বাহিনী-সমর্থিত সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে অতীতে সামরিক বাহিনী দাবি করেছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণঘাতী বলপ্রয়োগের পর সামরিক শাসনের বিরোধীদের অনেকেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। বর্তমানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল সংঘাতের কবলে রয়েছে।

প্রদত্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের এক সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটল।