অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুকধারীর হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ বাঁচানো মুসলিম আহমেদ আল-আহমেদকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, রবিবার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন জানান, অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসেবে আহমেদকে ‘ক্রস অব ভ্যালর’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মাননা পেলেন।
গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েক ডজন মানুষ। ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে এক হামলাকারীকে নিরস্ত্র করেন আহমেদ। এতে তিনি নিজেও একাধিক গুলির আঘাতে আহত হন। কর্তৃপক্ষের মতে, তার সাহসিকতায় বেশ কয়েকজনের জীবন রক্ষা পেয়েছিল।
পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, চরম বিপদের মুখেও একজন সশস্ত্র হামলাকারীকে নিরস্ত্র করে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন আহমেদ আল-আহমেদ।
এ ঘটনায় আহমেদসহ মোট চারজনকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে। হামলায় নিহত বরিস ও সোফিয়া গুরম্যানকে মরণোত্তর ‘স্টার অব কারেজ’ এবং রুভিয়েন মরিসনকে ‘ব্রেভারি মেডেল’ দেওয়া হয়েছে।
দুই সন্তানের বাবা মুসলিম ধর্মাবলম্বী আহমেদ হামলার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সাহসিকতার প্রশংসা করে বলেছিলেন, আহমেদ অত্যন্ত সাহসী একজন মানুষ, যিনি অনেকের জীবন বাঁচিয়েছেন।


