...|...|...

বিশ্ব

স্কুল থেকেই এআই শিক্ষা, প্রযুক্তিতে নতুন প্রজন্ম গড়ছে চীন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪০
Shares
স্কুল থেকেই এআই শিক্ষা, প্রযুক্তিতে নতুন প্রজন্ম গড়ছে চীন

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তুলতে  প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহারে অভ্যস্ত করে তুলছে চীন। ২০৩০ সালের মধ্যে সব শিক্ষার্থীকে এআই সম্পর্কে মৌলিক জ্ঞান দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রায় ২০ কোটি শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে এআইভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। প্রযুক্তিগত উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটি।

বেইজিংয়ের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান নিউ ট্যালেন্ট একাডেমির ১৩ বছর বয়সী শিক্ষার্থী পেং গাওদি ইতোমধ্যে এআই ব্যবহার করে দুই শতাধিক অ্যাপ তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাড়ির কাজ জমা দেওয়ার প্ল্যাটফর্ম এবং পুরোনো পণ্য কেনাবেচার অ্যাপ। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রোবট পরিচালনা, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পেও অংশ নিচ্ছে।

শুধু শহরের অভিজাত বিদ্যালয় নয়, গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ছে এআই। আনহুই প্রদেশের একটি বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি পূরণে এআই দিয়ে পাঠদান করা হচ্ছে। সেখানে শিক্ষার্থীরা ট্যাবলেটের মাধ্যমে নিজেদের উপযোগী পাঠ গ্রহণ করছে।

চীনের বিভিন্ন প্রদেশে ইতোমধ্যে এআই শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংহাইয়ে প্রতিবছর প্রতিটি শ্রেণিতে অন্তত ৩০ ঘণ্টা এআই শিক্ষা দেওয়ার নির্দেশনা রয়েছে। অন্যদিকে বেইজিংয়ে ১০০টি পরীক্ষামূলক এআই বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তবে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রায় ২৭ হাজার কিশোর-কিশোরীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এআই ব্যবহারের সাথে বাড়ির কাজের নম্বর ১৮ শতাংশ বৃদ্ধির সম্পর্ক থাকলেও ছয় মাসে মাসিক পরীক্ষার নম্বর ২০ শতাংশ কমার সম্পর্ক পাওয়া গেছে। যদিও এই ফলাফল এআই ব্যবহারের কারণে নম্বর কমেছে, তা প্রমাণ করে না।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, স্মৃতিশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

তাই চীনের শিক্ষাবিদদের সামনে এখন বড় চ্যালেঞ্জ-এআইকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করা, কিন্তু শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনার বিকল্প হতে না দেওয়া।