কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি থাকায় আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় চাপ বাড়ছে। ১ হাজার ৮০০ বন্দির ধারণক্ষমতার কারাগারটিতে বর্তমানে বন্দি রয়েছেন প্রায় ৪ হাজার ২০০ জন। এ অবস্থায় বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। অথচ বন্দির চাপ কমাতে ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কারাগারের কাজ শেষ হলেও এখনো উদ্বোধন হয়নি। ফলে শুরু করা যায়নি বন্দি স্থানান্তর কার্যক্রম।
কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে প্রায় ১৫০ জন নারী এবং চারজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। এ ছাড়া রয়েছেন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন। রাজনৈতিক মামলায় বন্দি রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জন। ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণ বন্দির সংখ্যা প্রায় ২০০। আলোচিত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনাসদস্য মাহবুবও এ কারাগারে বন্দি রয়েছেন।
বন্দির তুলনায় চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা সীমিত। কারাগারের মেডিকেল ওয়ার্ডে চিকিৎসার জন্য রয়েছে মাত্র ২৫টি শয্যা। এর পাশাপাশি অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
আবাসন সংকটের পাশাপাশি অতিরিক্ত বন্দির কারণে কারাগারের নিরাপত্তা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনাতেও বাড়তি চাপ তৈরি হয়েছে। নির্ধারিত ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় স্বাভাবিক ব্যবস্থাপনা বজায় রাখা কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বন্দির চাপ কমাতে ৬১০ কোটি টাকা ব্যয়ে নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। চলতি বছর নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন না হওয়ায় সেখানে বন্দি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন স্থাপনা প্রস্তুত থাকলেও পুরোনো কারাগারে বন্দির অতিরিক্ত চাপ থেকেই যাচ্ছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে। নতুন ভবনগুলো উদ্বোধন করে চালু করা হলে কয়েক দিনের মধ্যেই আসনসংকট অনেকটা কমে আসবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।


