...|...|...

সারাদেশ

মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে রণক্ষেত্র গাজীপুর, বিজিবি কর্মকর্তা আহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২
Shares
মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে রণক্ষেত্র গাজীপুর, বিজিবি কর্মকর্তা আহত

আহত বিজিবি কর্মকর্তা। ছবি: টাইমস টুডে

মজুরি বোর্ডের সভা স্থগিতের খবরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মহানগরীর বিভিন্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা এগিয়ে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় বিজিবির এক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল চারটার পর কারখানা ছুটি হলে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একযোগে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যানচলাচল। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন ও যাত্রী।

এর আগে সকালে কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এরই মধ্যে শ্রমিকদের আন্দোলনে নতুন করে উত্তেজনা ছড়ায় মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের খবরে। সোমবার বেলা ১১টায় মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা।

বিকেলে শ্রমিকদের অবরোধ সরাতে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। বিশেষ করে মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষে বিজিবির এক কর্মকর্তা ও কয়েকজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নাওজোরসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়কে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মজুরি নিয়ে অনিশ্চয়তা, একের পর এক কারখানা বন্ধ এবং শ্রমিক অসন্তোষ—সব মিলিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল।