...|...|...

বিশ্ব

শুল্ক হ্রাসের ঘোষণা যুক্তরাষ্ট্র-চীনের, তালিকায় রয়েছে যেসব পণ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৪
Shares
শুল্ক হ্রাসের ঘোষণা যুক্তরাষ্ট্র-চীনের, তালিকায় রয়েছে যেসব পণ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার সাম্প্রতিক শীর্ষ বৈঠকের ধারাবাহিকতায় দুই দেশই ৬ হাজার কোটি (৬০ বিলিয়ন) ডলার মূল্যের বাণিজ্যে শুল্ক হ্রাসের জন্য প্রস্তাবিত পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।

আল জাজিরার তথ্যমতে, গত সপ্তাহে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই ৬০ বিলিয়ন ডলারের বাণিজ্য শুল্কে ছাড় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। নতুন এই চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের নিজ নিজ আমদানির ৩,০০০ কোটি (৩০ বিলিয়ন) ডলার করে অংশ অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে চীনের ৭৬ বা ৭৭টি এবং যুক্তরাষ্ট্রের ১,৬০০-এর বেশি পণ্যকে অনুকূল শুল্ক সুবিধার আওতায় বিবেচনার জন্য চিহ্নিত করা হয়েছে।

তালিকাভুক্ত চীনা পণ্যের মধ্যে রয়েছে—মাইক্রোওয়েভ ওভেন, মাছ ধরার বড়শি, কৃত্রিম ফুল এবং ওজন মাপার যন্ত্র বা স্কেল। অপরদিকে, শুল্ক হ্রাসের জন্য চিহ্নিত মার্কিন রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে—পোল্ট্রি, দুগ্ধজাত পণ্য, নুডলস, ডিম, চিনাবাদাম, ক্যানজাত টমেটো, খাঁটি জাতের প্রজনন ঘোড়া এবং রেশম বা সিল্ক।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, এই চুক্তির ফলে চীনে মার্কিন রপ্তানির প্রায় ৩০ শতাংশের জন্য বাজার প্রবেশাধিকার উন্নত হবে এবং মার্কিন ভোক্তারাও উপকৃত হবেন।

গ্রিয়ার বলেন, ট্রাম্প প্রশাসন চীনের সাথে ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক বাণিজ্য বজায় রাখতে বদ্ধপরিকর। কৃষি ও জ্বালানি পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করা, অসংবেদনশীল পণ্যের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বাণিজ্য বজায় রাখা এবং আমেরিকান কৃষক, প্রস্তুতকারক, ব্যবসা ও শ্রমিকদের জন্য বাজারের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে প্রশাসন এই প্রচেষ্টা চালিয়ে যাবে।

হোয়াইট হাউসের ঘোষণার পরপরই সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও তালিকাটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষই মতৈক্যে পৌঁছানোর লক্ষ্যে ৩,০০০ কোটি ডলারের বিপরীতে ৩,০০০ কোটি ডলারের পারস্পরিক শুল্ক হ্রাস কাঠামো নিয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ব্যবস্থা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যকে স্থিতিশীল করতে, সংশ্লিষ্ট পণ্যের মার্কিন বাজারে রপ্তানির জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করতে, দেশীয় বাজারের চাহিদা মেটাতে এবং কৃষি পণ্য, জ্বালানি, উৎপাদিত পণ্য ও ভোক্তা পণ্যের ক্ষেত্রে বাণিজ্য সহযোগিতা জোরদার করতে সহায়তা করবে।