...|...|...

বিশ্ব

রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ‘মূল্য দিতে হবে’: ক্রেমলিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৬
Shares
রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ‘মূল্য দিতে হবে’: ক্রেমলিন

ছবি: সংগৃহীত

রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) মস্কোতে এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ওপর চালানো হামলার জন্য ইউক্রেনকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পেসকভ বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন মনে করা লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা করছে।

তিনি আরও বলেন, রাশিয়ার জাতীয় স্বার্থের অংশ হলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। কিয়েভ থেকে রাশিয়ার বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক আঘাতের’ পরিকল্পনা প্রতিহত করা মস্কোর জন্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রসঙ্গে পেসকভ বলেন, যত দ্রুত সম্ভব এই আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন। তাঁর মতে, এ বিষয়ে বিদ্যমান চুক্তি ও আইনি কাঠামো বর্তমানে কার্যত দুর্বল অবস্থায় রয়েছে।

তবে তিনি জানান, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা একটি জটিল প্রক্রিয়া এবং এর জন্য দীর্ঘ ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার প্রয়োজন হবে।

চীনের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে পেসকভ বলেন, বেইজিং মনে করে এ মুহূর্তে এতে অংশ নেওয়া প্রয়োজনীয় নয়। কারণ চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট।

এদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ প্রসঙ্গে পেসকভ বলেন, রাশিয়া ও সার্বিয়ার সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং বিভিন্ন ক্ষেত্রে তা অব্যাহত থাকবে।

রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠককে ‘ইতিবাচক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন পেসকভ। তবে এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের দ্রুত পরিবর্তনের বিষয়ে আগাম কোনো সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তাঁর জার্মান সমকক্ষের মধ্যে বৈঠক হয়। ২০২২ সালের জানুয়ারির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি আলোচনা।