বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট বাতিল করতে বাধ্য হওয়ার ঘটনায় জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে ইরান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান আবুজার শিরুদি জানান, বিমান চলাচল খাতের অধিকার রক্ষা এবং যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি জমা দিয়েছে তেহরান।
আইসিএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। কানাডার মন্ট্রিয়লভিত্তিক সংস্থাটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড ও বিধিবিধান নির্ধারণে কাজ করে।
শিরুদি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) অভিযোগ দায়ের করা হয়েছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে সতর্ক করা হয়, ইরানি এয়ারলাইনসগুলোর সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখলে তাদের পরিণতি ভোগ করতে হতে পারে।


