রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক আজমপুর এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলকারী যাত্রীরা।
দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


