প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী শাহে আলম। ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসী নতুন সাজে সজ্জিত এই উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে বিশেষ স্মৃতিস্তম্ভ। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।
তিনি জানান, আধুনিকায়নের অংশ হিসেবে উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ব্যবস্থা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি এবং শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও দৃষ্টিনন্দন জলধারা।
সচিবালয়সংলগ্ন এই উদ্যানের পরিবেশ ও সৌন্দর্য আরও উন্নত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


