লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সর্বকালের সেরা, তা নিয়ে ফুটবলবিশ্বে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। মেসির সাথে ব্রাজিলের কিংবদন্তি পেলের তুলনাও করেন অনেক ফুটবলপ্রেমী। এবার সেই আলোচনায় নিজের মত জানালেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও। তার মতে, মেসি অসাধারণ ফুটবলার হলেও পেলের সাথে তার তুলনা চলে না।
ব্রাজিলের সংবাদপত্র ‘ও দিয়া’য় প্রকাশিত এক কলামে মেসি ও পেলের তুলনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রোমারিও। সেখানে তিনি বলেন, ‘মেসি কি পেলের চেয়ে বড়? মেসি অসাধারণ, কিন্তু পেলের সাথে তার তুলনা চলে না। কৌশল, গতি ও নিখুঁত দক্ষতার এমন সমন্বয় নিয়ে আর কেউ আসবে না। মেসির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। সে সর্বকালের সেরাদের একজন। কিন্তু ৫০ বছর আগেই পেলে তার সময়ের চেয়ে এগিয়ে থাকা ফুটবল খেলছিলেন!’
রোমারিওর এই মন্তব্য নতুন করে সামনে এনেছে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে চলমান বিতর্ক। মেসির অর্জন ও মাঠের নৈপুণ্যকে স্বীকার করেও পেলের দক্ষতা ও খেলার ধরনকে আলাদা উচ্চতায় রেখেছেন ব্রাজিলের সাবেক এই তারকা।
জাতীয় দলের হয়ে রোমারিওর ক্যারিয়ারও ছিল সাফল্যে ভরা। ব্রাজিলের জার্সিতে ৭০টির বেশি ম্যাচ খেলে ৫৫টি গোল করেছেন তিনি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমারিও। তার পারফরম্যান্সে ভর করে সেবার বিশ্বকাপের শিরোপা জেতে ব্রাজিল।
ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোমারিও। নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলার পাশাপাশি ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনাতেও দারুণ সময় কাটান তিনি। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকেই পেলের সাথে মেসির তুলনায় নিজের মতামত তুলে ধরেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ব্রাজিলের হয়ে শেষ ম্যাচের স্মৃতিও কলামে উল্লেখ করেছেন রোমারিও। ২০০৫ সালে গুয়াতেমালার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন তিনি। সেই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে জয় পায় এবং একটি গোল করেন রোমারিও। গোল উদ্যাপনের সময় মেয়ের উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছিলেন তিনি।


