সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে আল নাসরের জয়ের পর বিশেষভাবে নজর কেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে উদ্যাপনের সময় সৌদি পতাকাসংবলিত একটি স্কার্ফ কাঁধে জড়িয়ে নেন তিনি। আঞ্চলিক উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার মধ্যে রোনালদোর এই অঙ্গভঙ্গি সৌদি আরবের প্রতি তার সমর্থনের প্রকাশ হিসেবে আলোচনায় এসেছে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার মুখোমুখি হয় আল নাসর। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি নিরাপত্তা সতর্কতার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হয়।
ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় আল নাসর। খেলা শুরুর আগে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ পরিস্থিতিতে ম্যাচটি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
মাঠের খেলায়ও অবদান রাখেন রোনালদো। প্রথমার্ধের ৪২ মিনিটে গোল করে আল নাসরের ব্যবধান ২-০ করেন তিনি। পরে নেফচি ফেরগানা একটি গোল শোধ করে। তবে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।
ম্যাচ শেষে সমর্থকদের সাথে জয়ের উদ্যাপনে যোগ দেন ৪১ বছর বয়সী রোনালদো। এ সময় সৌদি পতাকাসংবলিত স্কার্ফ কাঁধে জড়িয়ে নেন তিনি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে তার এই পদক্ষেপ বিশেষভাবে নজর কাড়ে।
এর আগে ২০২৫ সালে আল নাসরের সাথে চুক্তি নবায়নের পর সৌদি আরবের প্রতি নিজের অবস্থান তুলে ধরে রোনালদো বলেছিলেন, ‘আমি পর্তুগিজ, তবে আমি সৌদি আরবেরও।’ সাম্প্রতিক উদ্যাপনের পর তার সেই বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।


