...|...|...

খেলা

মেসির বিদায়ে বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা ফুটবল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১০
Shares
মেসির বিদায়ে বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা ফুটবল

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জনপ্রিয়তা শুধু আর্জেন্টিনার ফুটবলকে সাফল্য এনে দেয়নি, দেশটির ফুটবলকে পরিণত করেছে বৈশ্বিক বাণিজ্যের বড় আকর্ষণে। তার নাম ঘিরে বেড়েছে জার্সি বিক্রি, দর্শকের উপস্থিতি ও স্পনসরদের আগ্রহ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর মাঠের নেতৃত্বের পাশাপাশি বাণিজ্যিক আয় ধরে রাখাও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের সবচেয়ে বড় তারকা ছিলেন মেসি। তার নেতৃত্বে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে আলবিসেলেস্তেরা। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক কার্যক্রমও বিস্তৃত করেছে এএফএ। কিন্তু মেসির বিদায়ের পর এই অগ্রগতি ধরে রাখতে সংস্থাটিকে নতুন কৌশল নিতে হতে পারে।

দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে এএফএর বৈশ্বিক স্পনসর ছিল মাত্র ছয়টি। বর্তমানে সংস্থাটির সাথে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১২০টিরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর্জেন্টিনার মাঠের সাফল্যের পাশাপাশি মেসির ব্যক্তিগত জনপ্রিয়তা স্পনসরশিপের এই বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক চুক্তি থেকে এএফএর বার্ষিক আয় প্রায় ১৫ কোটি মার্কিন ডলার, যা সংস্থাটির মোট আয়ের অর্ধেকেরও বেশি। মেসির অনুপস্থিতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আগ্রহ একই পর্যায়ে থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের সাম্প্রতিক সাফল্য ও অন্য তারকারা স্পনসরদের আকৃষ্ট করতে পারলেও বিশ্বজুড়ে মেসির পরিচিতি ও জনপ্রিয়তার সমতুল্য কাউকে পাওয়া সহজ হবে না।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে সেই ম্যাচের ৮৫ হাজার টিকিট অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ফোর্বস আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, শুধু টিকিট বিক্রি থেকেই এএফএর আয় হয়েছিল প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

মাঠের দর্শকের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রচারেও ম্যাচটি উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করে। এতে আবারও স্পষ্ট হয়, আর্জেন্টিনার ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের আবেগের বড় অংশজুড়ে রয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তার উপস্থিতি জাতীয় দলের ম্যাচকে সাধারণ ফুটবল প্রতিযোগিতার বাইরে বিশেষ আকর্ষণে পরিণত করত।

মেসির বিদায়ের প্রভাব জার্সি বিক্রি, টিকিটের চাহিদা ও স্পনসরশিপের বাইরেও পড়তে পারে। জাতীয় দলের ম্যাচের আন্তর্জাতিক সম্প্রচার স্বত্বের বাণিজ্যিক মূল্যেও পরিবর্তন আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেসিকে সরাসরি দেখার আকর্ষণে যেসব দর্শক মাঠে যেতেন কিংবা টেলিভিশনে ম্যাচ দেখতেন, তার অনুপস্থিতিতে সেই আগ্রহ ধরে রাখা এএফএর জন্য কঠিন হতে পারে।

সব মিলিয়ে মেসির বিদায় আর্জেন্টিনার ফুটবলের সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। মাঠের সাফল্য ধরে রাখার পাশাপাশি বাণিজ্যিক জনপ্রিয়তা ও আয়ের ধারাবাহিকতা বজায় রাখাই এখন সংস্থাটির অন্যতম বড় চ্যালেঞ্জ।