লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দ্বৈরথ। মাঠে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই থাকলেও তাদের সম্পর্ক যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে ভরা, তা অনেকেরই অজানা। এবার সেই সম্পর্কের অজানা একটি দিক সামনে এনেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইংরেজিতে দুর্বল মেসির অনুবাদকের ভূমিকাও পালন করেছিলেন তিনি।
সম্প্রতি সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সাথে নিজের সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন রোনালদো। সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাটানো সময় এবং তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের কথা তুলে ধরেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত দেড় দশকে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে বারবার মুখোমুখি হয়েছেন মেসি ও রোনালদো। দীর্ঘ সময় ধরে একই মঞ্চে উপস্থিত হতে গিয়ে তাদের মধ্যে গড়ে উঠেছিল অন্যরকম এক বোঝাপড়া। ইংরেজিতে মেসির দুর্বলতার কারণে কয়েকবার তার হয়ে অনুবাদ করে দেওয়ার ঘটনাও স্মরণ করেছেন রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, “আমরা পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি ১৫ বছর। আর আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো ছিল। আমার মনে আছে, দুই-একবার আমি তার জন্য ইংরেজিতে বলা কথাগুলো অনুবাদ করে দিয়েছিলাম, যেমন, ‘মেসি, তুমি এখানেই থাকবে’।”
রোনালদো জানান, বড় মাপের এসব অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে যোগাযোগের ক্ষেত্রেও তিনি মেসিকে সহযোগিতা করতেন। সেই সময়ের কথোপকথন তুলে ধরে তিনি বলেন, “এরপর সে (উপস্থাপিকা) তোমাকে একটা প্রশ্ন করবে। আর আমি সেটা অনুবাদ করব। উপস্থাপিকা তোমাকে বলবে ‘আমরা এটা করতে যাচ্ছি’, আর মেসিকে বলতে বলতাম ‘হ্যাঁ, খুব ভালো’। আর ব্যাপারটা মজার ছিল।”
মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির সাথে তার সম্পর্ক সবসময় সম্মানজনক ছিল বলে জানিয়েছেন রোনালদো। দুই তারকাই নিজ নিজ ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে খেলেছেন। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করত। সে তার ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য খেলত, আমি আমার ক্লাবের জন্য। সে তার দেশের হয়ে লড়ত, আমি আমার দেশের জন্য।’
ব্যক্তিগত ও দলীয় সাফল্যের পরিসংখ্যানে মেসি-রোনালদোর অর্জনও আলাদা করে আলোচিত। মেসির ঝুলিতে রয়েছে আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ ট্রফি ও ১৩টি লিগ শিরোপা। অন্যদিকে রোনালদো জিতেছেন আটটি লিগ শিরোপা। মেসির ছয়টি গোল্ডেন বুটের বিপরীতে তার রয়েছে চারটি। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের হিসাবে এগিয়ে রোনালদো। মেসির চারবারের বিপরীতে পাঁচবার ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
এত অর্জন ও দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পরও দুজনের লড়াইকে ইতিবাচকভাবেই দেখেন রোনালদো। ক্যারিয়ারের সেরা সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার মনে হয় একটা সময় ছিল যখন সে তার সবটুকু উজার করে দিয়ে গোল করতে চাইত এবং আমিও তাই করতাম। এটা ছিল সুস্থ প্রতিযোগিতা, অনেকটা আইরটন সেনা ও প্রোস্টের মতো। আমি মনে করি আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতাম।’



