যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইসলাম ও মুসলমানদের লক্ষ্য করে চালানো বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে মুসলমানদের অব্যাহত দুর্ব্যবহারের শিকার হওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করে পবিত্র কোরআনের বাণী উদ্ধৃত করেছেন তিনি।
আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ‘আইকিউএনএ’-র প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে এক বক্তৃতাকালে বিল ক্লিনটন মুসলমানদের সাথে চলমান অবিচার ও দুর্ব্যবহারে নিজের হতাশার কথা ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় ইসলাম ধর্ম ও এর অনুসারীদের আক্রমণ বা অবমূল্যায়নকারী বক্তব্য প্রত্যাখ্যান করেন। এছাড়া কোনো ধরনের বৈষম্য বা উসকানি ছাড়াই ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় আচার পালনের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর ওপর জোর দেন তিনি।
বিল ক্লিনটন বলেন, তিনি মুসলমানদের সাথে হওয়া দুর্ব্যবহারে ক্লান্ত হয়ে পড়েছেন—যা সমাজে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা এবং ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতি তার অনীহা ও প্রতিবাদেরই বহিঃপ্রকাশ। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে দ্বন্দ্ব বা বিভাজনের অজুহাত না বানিয়ে বরং সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে এমন একটি স্পষ্ট বার্তা রয়েছে যা মানুষে মানুষে ভিন্ন ধর্ম ও সংস্কৃতি সত্ত্বেও একে অপরকে জানার এবং সংযুক্ত হওয়ার আহ্বান জানায়। এছাড়া এর শিক্ষায় নিহিত মানবতাবাদী মূল্যবোধগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মানুষের এই বৈচিত্র্য মূলত পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার ভিত্তি হওয়া উচিত।
পশ্চিমা সমাজগুলোতে ইসলাম ও মুসলমান ইস্যু এবং ইসলামোফোবিয়া ও ধর্মীয় বৈষম্যের তীব্র বিতর্কের মধ্যেই বিল ক্লিনটনের এই বক্তব্য সামনে এল, যা বহুদলীয় বা বহুত্ববাদ ও সহনশীলতার মূল্যবোধের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে।


