যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কি নতুন কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পৌঁছাতে পারবে—এ নিয়ে প্রত্যাশা খুব বেশি নয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আশা করছি না। তার ভাষ্য, এই বৈঠক মূলত একটি আলোচনার শুরু।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মস্কো চেয়েছিল, ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট আরও এক বছর বাড়ানো হোক।
তবে ট্রাম্পের দাবি, পুরোনো চুক্তি বাড়ানোর বদলে একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি প্রয়োজন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করতে হবে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে চীন।
তবে বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, চীনের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিজেদের বিশাল মজুত উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
অন্যদিকে রাশিয়া বলছে, নতুন কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলে সেখানে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভাণ্ডারও বিবেচনায় নিতে হবে।
ফলে তিন দেশের মধ্যে নতুন কোনো সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলেও শর্ত ও অবস্থানের বড় পার্থক্যের কারণে দ্রুত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আপাতত সীমিত।


