বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মঙ্গলবারের তুলনায় এর সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘আকভান’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আইএমডির পূর্বাভাস, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূলের নারসাপুর ও পুরির মধ্যবর্তী এলাকা অতিক্রম করতে পারে। সে সময় এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূলে পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বুধবার ভোরে ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
আইএমডি জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। ধীরগতিতে চলায় উষ্ণ সমুদ্রের ওপর অবস্থান করে এটি আরও শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে।
তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য স্থলভাগ অতিক্রমের জায়গা নিয়ে পূর্বাভাসে কিছু পরিবর্তন রয়েছে। আইএমডির এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে এটি অতিক্রম করতে পারে।
এর তীব্রতা নিয়েও পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। আগে ‘আকভান’ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে বলে ধারণা করা হলেও এখন আইএমডি এটিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করতে পারে বলে মনে করছে।
১৯ নভেম্বর রাত থেকে স্থলভাগে আঘাত হানার সময় পর্যন্ত ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
যেভাবে দেখা যাবে ‘আকভান’-এর গতিপথ
ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান, গতিপথ ও পূর্বাভাস ভারতের আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে দেখা যাবে। সেখানে জাতীয় বুলেটিন, ঘণ্টাভিত্তিক বুলেটিন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পথ, বাতাস ও জলোচ্ছ্বাসসংক্রান্ত সতর্কতা এবং ইন্টার্যাকটিভ ট্র্যাক পাওয়া যায়।
আইএমডি জেলা ভিত্তিক সতর্কতাও প্রকাশ করে। পাশাপাশি দেশটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রগুলো রাজ্যভিত্তিক সতর্কতা ও পূর্বাভাস দিয়ে থাকে।
রেইন ভিউয়ার ও জুম আর্থের মতো বেসরকারি আবহাওয়া ট্র্যাকারেও ‘আকভান’-এর গতিপথ অনুসরণ করা যায়। গতিপথ জানতে ক্লিক করুন।


