মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
তার এ সাফল্যে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) এ এইচ এম কামরুজ্জামান আহমেদ ও যুগ্মসচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় হিরার সাথে ছিলেন তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী।
গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা এতে অংশ নেন। কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। চূড়ান্ত পর্বে হিফজুল কোরআন বিভাগে সবার পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। এবার সেই সাফল্যের ধারায় যুক্ত হলো হাফেজ ইহতেশামুল হক হিরার নাম।
হিরার এ অর্জনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মাসুম ফয়েজী। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হিরাসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেন যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করা হয়।


