...|...|...

জাতীয়

পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে উপনির্বাচনের সময়সূচি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নারী আসন-২৩ পূরণের জন্য এ নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পরদিন ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২ নভেম্বর সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। এর ধারাবাহিকতায় আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।