ইতালিতে অবিশ্বাস্য এক ঘটনায় ভুলবশত আবর্জনায় ফেলে দেওয়া প্রায় ১৪ কোটি টাকা মূল্যের লটারির বিজয়ী টিকিট ফিরে পেয়েছেন এক নারী। বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের নিরলস চেষ্টায় দুই দিন পর টিকিটটি উদ্ধার করা সম্ভব হয়। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইতালির বিটন্টো শহরের একটি দোকান থেকে লটারির টিকিট কেনার পর মেশিনে ‘অপ্রদেয়’ (Unpayable) বার্তা দেখে সেটিকে মূল্যহীন ভেবে দোকানের আবর্জনার ব্যারেলে ফেলে দেন ওই নারী। তবে প্রকৃতপক্ষে বড় অঙ্কের পুরস্কার জিতলে স্থানীয় দোকান থেকে অর্থ পরিশোধ করা সম্ভব না হওয়ায় মেশিনে এমন বার্তা প্রদর্শিত হয়।
বাড়ি ফিরে পরিবারের এক সদস্যের কাছ থেকে তিনি জানতে পারেন, তার নিয়মিত ব্যবহৃত নম্বর—২, ৪, ৮, ১০ ও ৫১—দিয়েই ১০ লাখ ইউরো (প্রায় ১৪ কোটি টাকা) জ্যাকপট জিতেছেন। প্রিয় এক স্মৃতির কারণে তিনি প্রতিবারই একই নম্বর দিয়ে লটারি খেলতেন।
খবরটি জানার সাথে সাথেই তিনি দোকানে ছুটে গেলেও ততক্ষণে আবর্জনার ব্যাগটি পরিচ্ছন্নতাকর্মীরা নিয়ে গেছেন। এরপর তিনি ও তার পরিবার স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসএএনবির প্রশাসক রবার্তো নিকোলা তোস্কানোর সাথে যোগাযোগ করেন।
তোস্কানো জানান, টিকিটটি ইতোমধ্যেই বর্জ্যবাহী ট্রাকে চলে যাওয়ায় সেটি খুঁজে পাওয়ার আশা খুবই ক্ষীণ ছিল। তবুও তারা নির্দিষ্ট ট্রাকটি শনাক্ত করে বিশেষ সুবিধাসম্পন্ন একটি কেন্দ্রে নিয়ে যান। সেখানে পরিচ্ছন্নতাকর্মীরা একদিনেরও বেশি সময় ধরে বর্জ্য ঘেঁটে অসংখ্য পুরোনো রসিদ ও টিকিটের মধ্য থেকে অবশেষে বিজয়ী টিকিটটি উদ্ধার করেন।
তোস্কানো বলেন, “অসংখ্য রসিদের ভিড়ে আমরা যে টিকিটটি খুঁজছিলাম, সেটি অক্ষত অবস্থায় পেয়েছি।” উদ্ধার হওয়ার খবর ফোনে জানানো হলে আবেগে কেঁদে ফেলেন ওই নারী।
তবে টিকিট উদ্ধারের জন্য অতিরিক্ত অনুসন্ধান ব্যয়ের দায়িত্ব নিতে হয়েছে ওই নারীকে। সরকারি সংস্থা হওয়ায় এসএএনবি তাকে এ-সংক্রান্ত খরচ বহনের চুক্তিতে স্বাক্ষর করায়। এরপরও ১৪ কোটি টাকার পুরস্কার ফিরে পাওয়ায় তার জন্য এই ব্যয় ছিল সার্থক।


