...|...|...

বিশ্ব

এআই প্রতিযোগিতায় মেটার নতুন চমক, থাকছে যেসব সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৬
Shares
এআই প্রতিযোগিতায় মেটার নতুন চমক, থাকছে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতা জোরদার করতে দুটি নতুন এআই মডেল উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘মিউজ ওয়ান্ডার’ ও ‘মিউজ ওয়ান্ডার ফুল’ নামের মডেল দুটি দিয়ে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগলের উন্নত এআই ব্যবস্থার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চায় প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক ঘোষণায় মেটা জানায়, মডেল দুটি ব্যক্তিগত ও পেশাগত কাজে এআই এজেন্ট হিসেবে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। দীর্ঘমেয়াদি কাজ সম্পন্ন করা, কম্পিউটার পরিচালনা, জটিল কোড লেখা এবং আইন, অর্থ ও স্বাস্থ্যসেবার মতো বিশেষায়িত ক্ষেত্রে কাজ করতে পারবে এগুলো।

মেটার দাবি, মডেলগুলো জটিল প্রকল্প পরিচালনার পাশাপাশি ছোট এআই এজেন্টদের বিভিন্ন কাজের দায়িত্ব দিতে পারে। কাজের মধ্যে ভুল শনাক্ত হলে তা সংশোধন করে মূল লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার সক্ষমতাও রয়েছে।

নতুন মডেলগুলোর অন্যতম বৈশিষ্ট্য ‘অ্যাকটিভ মেমোরি’। এর মাধ্যমে একাধিক কথোপকথন থেকে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য মনে রেখে প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারবে এআই। আর ‘অ্যাকটিভ ফোকাস’ সুবিধার সাহায্যে কোনো সমস্যায় পড়লে বিকল্প পদ্ধতি খুঁজে নেওয়া, নতুন তথ্যের সঙ্গে মানিয়ে নেওয়া এবং প্রয়োজনে ব্যবহারকারীর কাছে ব্যাখ্যা চাওয়ার সুযোগ থাকবে।

মেটা জানিয়েছে, ভাড়ার চুক্তি বুঝতে, বিমার দাবি-সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনা করতে, আর্থিক বিশ্লেষণ করতে কিংবা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে মডেলগুলো সহায়তা করতে পারবে।

বর্তমানে ‘মিউজ ওয়ান্ডার’ ডেভেলপারদের জন্য মেটা মডেল এপিআই এবং ‘মিউজ কোড’ প্রোগ্রামিং টুলের মাধ্যমে ব্যবহারযোগ্য। আরও উন্নত সংস্করণ ‘মিউজ ওয়ান্ডার ফুল’ পাওয়া যাচ্ছে মিউজ কোডের অর্থপ্রদত্ত সাবস্ক্রিপশনে। মেটার উন্নত মডেল ব্যবহারের মাসিক সাবস্ক্রিপশন ফি শুরু হচ্ছে ৫০ ডলার থেকে। পরবর্তী সময়ে ‘মিউজ ওয়ান্ডার’ প্রতিষ্ঠানটির ব্যক্তিগত সহকারী সেবা ‘মিউজ’-এ যুক্ত করা হবে। শুরুতে সেবাটি শুধু সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত থাকবে।

নিজেদের প্রকাশিত মানদণ্ড পরীক্ষার ফলাফলে মেটা দাবি করেছে, কোডিং, স্মৃতিশক্তি ও পেশাগত কাজের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মডেল দুটি ওপেনএআই ও অ্যানথ্রোপিকের কয়েকটি মডেলের সমকক্ষ বা তার চেয়েও ভালো ফল করেছে। তবে এ দাবির সত্যতা যাচাইয়ে স্বাধীন মূল্যায়ন প্রয়োজন।

মেটার ভাষ্য, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ক্ষতিকর কাজে সহায়তা না করা এবং সাইবার আক্রমণ মোকাবিলার বিষয়গুলো মাথায় রেখে মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নিরাপত্তা প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ‘পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স’ তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই নতুন মডেল দুটি এনেছে মেটা। ব্যবহারকারীর লক্ষ্য, পছন্দ ও দীর্ঘমেয়াদি প্রয়োজন বুঝতে সক্ষম এআই ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে আগের কিছু মডেলের মতো ‘মিউজ ওয়ান্ডার’ সিরিজের মডেলগুলো উন্মুক্ত উৎস হিসেবে প্রকাশের কোনো পরিকল্পনা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।