গত ৭ অক্টোবর নাটোর স্টেশনে নাটোর থেকে ট্রেনে ওঠার সময় চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ম্যাকবুক ল্যাপটপটি শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে ল্যাপটপটি উদ্ধারের পর এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রহস্য ও ধোঁয়াশা।
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ কাপড় ব্যবসায়ীর দোকানে পাওয়া যায়। কাপড়িয়াপট্টি এলাকার ব্যবসায়ী অমল কুমার সাহা গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় আসনের নিচে ল্যাপটপটি পান বলে দাবি করেছেন। পরে ছেলে অন্তর কুমার সাহার সাথে আলোচনা করে পুলিশকে বিষয়টি জানান বলেও দাবি তার। তবে পুলিশ এবং ক্রিল জানিয়েছেন, তারা লোকেশন ট্র্যাক করে ওই দোকানে পৌঁছান।
সোমবার (১২ অক্টোবর) সকালে ক্রিল গণমাধ্যমকে বলেন, ‘অন্য ডিভাইসের মাধ্যমে আমি সারাক্ষণ ম্যাকবুকের লোকেশন দেখছিলাম এবং সেটি পুলিশ ও এসআরবিকে পাঠাতে থাকি। মাঝে কয়েক দিন লোকেশন পাওয়া যায়নি। রবিবার রাতে লোকেশন পাঠানোর পর পুলিশ ওই দোকানের ভেতর থেকে ল্যাপটপ উদ্ধার করে।’
পুলিশ বলছে, ব্যবসায়ী অমল বা তার ছেলে অন্তর এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ক্রিলও বলছেন, ‘আমি ঠিক নিশ্চিত নই, কীভাবে ওই দোকানে ল্যাপটপ গেল। মাঝে কয়েক দিন লোকেশন পাইনি। পুলিশ ল্যাপটপ নিয়ে ঢাকায় আসবে। সংবাদ সম্মেলন করবে, সেখানে বিস্তারিত জানা যাবে।’
নাটোর পুলিশের এক কর্মকর্তা জানান, ব্যবসায়ীর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনও তাকে গ্রেফতার বা আটক দেখাচ্ছি না। অধিকতর তদন্তের জন্য নিয়ে এসেছি।’
উদ্ধার অভিযানের সময় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিলের দেওয়া লোকেশন অনুযায়ী ওই দোকানে প্রথমে পৌঁছায় এসআরবি। সে সময় ব্যবসায়ী অমল বা তার ছেলে দোকানটিতে ছিলেন না। তল্লাশি করে তখন ল্যাপটপ পাওয়া যায়নি। পরে পুলিশও পৌঁছায়। এরপর ব্যবসায়ী ও তার ছেলে দোকানে আসলে ল্যাপটপ উদ্ধার করা হয়।


