...|...|...

সারাদেশ

ল্যাপটপ চুরি করে ট্রেনেই রেখে যায় চোর, খবর পেয়ে উদ্ধার করে পুলিশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯
Shares
ল্যাপটপ চুরি করে ট্রেনেই রেখে যায় চোর, খবর পেয়ে উদ্ধার করে পুলিশ

চুরির দৃশ্য ও উদ্ধার হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ। ছবি : সংগৃহীত

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এর আগে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এক কাপড় ব্যবসায়ী। পুলিশের ধারণা, গণমাধ্যমে চুরির খবর প্রকাশের পর ধরা পড়ার আশঙ্কায় চোর ল্যাপটপটি ফেলে যেতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের কাপড়িয়া পট্টি এলাকার ব্যবসায়ী অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার পথে আসনের নিচে ল্যাপটপটি দেখতে পান। পরে ছেলে অন্তর কুমার সাহার সাথে পরামর্শ করে তিনি পুলিশকে বিষয়টি জানান। অন্তর জার্মান পর্যটক ক্রিলের সাথেও যোগাযোগ করেন।

ল্যাপটপটি উদ্ধারের খবরে আনন্দ প্রকাশ করেছেন ক্রিল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রবিবার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।’

এর আগে রবিবার দুপুরেও ল্যাপটপে লগইন করা ইমেইলের মাধ্যমে সেটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন ক্রিল। তখন লোকেশন দেখাচ্ছিল রাজশাহীতে। ল্যাপটপের অবস্থান শনাক্ত ও উদ্ধারে রেলওয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক এলাকায় অভিযান চালায়।

ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হন এবং সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগ ও ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় অভিযোগ জানান তিনি।

পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করলে চুরির ঘটনার বিভিন্ন তথ্য সামনে আসে। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক ক্রিলের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, স্টেশনে নামার পর ওই যুবককে সাথে নিয়ে ভিআইপি বিশ্রামাগারে যান ক্রিল। সেখানে ব্যাগটি যুবকের কাছে রেখে পাশের একটি বুথে যান তিনি। এই সুযোগে ব্যাগ নিয়ে যুবককে সান্তাহারগামী একতা এক্সপ্রেস ট্রেনে উঠতে দেখা যায়। ফিরে এসে ব্যাগ না পেয়ে থানায় যান ক্রিল।

এরপর চুরি হওয়া মালপত্র উদ্ধারে তৎপরতা শুরু করে রেলওয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমে ল্যাপটপের অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে রাত ১১টার দিকে ক্রিল রাজশাহীতে পৌঁছালে ল্যাপটপের লোকেশন মহিলা কলেজের আশপাশে দেখা যায়।

এ অবস্থায় রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবির সদস্যরা সেখানে অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও কেয়ারটেকারদেরও ল্যাপটপটির বিষয়ে সতর্ক করা হয়।

ল্যাপটপে কোনো সিম কার্ড না থাকায় এর সুনির্দিষ্ট অবস্থান নির্ণয়ে বেগ পেতে হয় পুলিশকে। রাতভর লোকেশনে পরিবর্তন না আসায় সেটি বিক্রি করে দেওয়ার আশঙ্কাও তৈরি হয়। এ কারণে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পরদিন সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির অবস্থান আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত হয়। ওই সময় সেখানে তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন থাকার কথা ছিল। পরে রেলওয়ে পুলিশ ট্রেন দুটিতে তল্লাশি চালায়। তবে তখন ল্যাপটপ বা ক্যামেরার সন্ধান মেলেনি।

শেষ পর্যন্ত রবিবার রাতে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গণমাধ্যমে খবর প্রকাশের পর চোর বিপদ আঁচ করে সেটি ট্রেনে ফেলে যায়। তবে এ বিষয়ে চোরের পরিচয় বা ল্যাপটপটি কীভাবে দোকান পর্যন্ত পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।