নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। পেশাগত জীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
তার নাতি রিপন হোসেন জানান, দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে রোববার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়। পরে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে সেখান থেকে চিকিৎসক এসে তাকে চিকিৎসাসেবা দেন। তবে শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে তাদের সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হতো। তার মৃত্যুর খবর শুনে তিনি দুঃখ প্রকাশ করেন।


