...|...|...

সারাদেশ

পূজা ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ৮:৩২
Shares
পূজা ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

পুলিশের বিশেষ অভিযান। ছবি: টাইমস টুডে

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। জেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। গত ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ২ হাজার ২টি যানবাহন তল্লাশি করে ১৪৮টি আটক করা হয়েছে। এ ছাড়া চুরি ও চোরাচালানের অভিযোগে ২০ জন এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন অভিযোগে আরও ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

পুলিশ সুপার জানান, শহরের খুলনা রোড মোড়, বিনেরপোতা, মেডিকেল কলেজ এলাকা ও বাইপাস সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত তল্লাশি চালানো হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো সময় নেই। অপরাধীরা কৌশল পরিবর্তন করলে পুলিশকেও পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন করতে হয়। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৪৮টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ১২২টির বিষয়ে নিষ্পত্তি হয়েছে। বাকি ২৬টি যানবাহনের বিষয়ে নিষ্পত্তি প্রক্রিয়া চলছে।

আটক যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করে ৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রসিকিউশন দাখিল করা মামলায় আরও ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় বাকি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, চেকপোস্টের কার্যক্রম শুধু যানবাহন তল্লাশির মধ্যে সীমাবদ্ধ নয়। মাদক, চুরি, চোরাচালান ও সম্পত্তিসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতেও অভিযান চালানো হচ্ছে। এ সময়ে চুরি ও চোরাচালানের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এমন অভিযোগে আরও ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, একই সময়ে জেলায় মাদকসংক্রান্ত ২৭টি মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও উটন কোরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং পূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে। জেলার সার্বিক জননিরাপত্তা রক্ষায় প্রয়োজন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।