...|...|...

সারাদেশ

যেভাবে উদ্ধার করা হলো জার্মান পর্যটকের ল্যাপটপ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:৫৬
Shares
যেভাবে উদ্ধার করা হলো জার্মান পর্যটকের ল্যাপটপ

ঘুরতে আসা জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা কে নিয়েছে, মিলল ফুটেজ। ছবি: টাইমস টুডে

ট্রেনের সিটের নিচে পড়ে থাকা ব্যাগে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলের চুরি হওয়া ল্যাপটপ পেয়েছিলেন নাটোরের বাসিন্দা অমল কুমার সাহা। পরে সংবাদমাধ্যমে পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে ছেলেকে বিষয়টি জানান তিনি। ছেলের মাধ্যমে পুলিশের কাছে তথ্য পৌঁছালে রবিবার রাতে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর সদর থানায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ হারানোর পরদিন ৮ অক্টোবর সকালে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা। তিনি ব্যাগটি সাথে নিয়ে নওগাঁ চলে যান। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে ছেলে অন্তরের সাথে কথা বলেন।

সংবাদমাধ্যমে জার্মান তরুণ পর্যটকের ল্যাপটপ হারানোর খবর জানতে পেরে অমল সাহা ছেলেকে বিষয়টি জানান। পরে রবিবার রাতে অন্তর পুলিশকে তথ্য দিলে কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি ক্রিল ল্যান্ডার কিরিলকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দেশজুড়ে আলোচিত ঘটনার পরও ল্যাপটপ পাওয়ার চার দিন পর কেন অমল সাহা সেটি পুলিশকে ফেরত দিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখতে আসা জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার কিরিল বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার স্টেশনে পৌঁছান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে এসে ভুল করে নেমে পড়েন তিনি। নাটোর থেকে অন্য একটি ট্রেনে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। একপর্যায়ে ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান কিরিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।

ঘটনার পর রাতেই নাটোর থানায় অভিযোগ করেন জার্মান পর্যটক। এ সময় পুলিশ ও সংবাদকর্মীদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে তার অবস্থানের সুবিধার কথা বিবেচনা করে প্রথমে রাজশাহী এবং সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেফতারে সহায়তাকারী এবং তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। অভিযুক্তকে গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।