...|...|...

বিশ্ব

জাপানে যাত্রীবাহী বিমানে সাপ, অতঃপর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৩
Shares
জাপানে যাত্রীবাহী বিমানে সাপ, অতঃপর

ছবি: সংগৃহীত

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচে সাপ পাওয়ায় ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি বিমানের এক মেকানিকের নজরে আসে। পরে প্রায় ২৪ ঘণ্টা পর বন্যপ্রাণী বিশেষজ্ঞের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

জাপানের সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় পৌঁছেছিল। সেখান থেকে কাগোশিমা প্রশাসনিক এলাকার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানের কার্পেটের নিচে সাপটি দেখতে পেয়ে ফ্লাইটটি বাতিল করা হয়।

সাপটি বিষধর ছিল না বলে জানা গেছে। তবে কীভাবে এটি বিমানের ভেতরে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বন্য পরিবেশ থেকে সাপটি বিমানের ভেতরে ঢুকে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে জাপানের বিমান সংস্থা জাপান এয়ার কমিউটার। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের কোনো বিমানের যাত্রীকক্ষে সাপ পাওয়ার ঘটনা এবারই প্রথম। যাত্রীদের অসুবিধার জন্যও ক্ষমা চেয়েছে তারা।

এর আগেও বিমানে সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটে ভুল করে সাপ নিয়ে উঠেছিলেন এক ব্যক্তি। এ ছাড়া ২০২২ সালে বিমানের কেবিনে সাপ দেখতে পাওয়ায় এয়ারএশিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছিল।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট