ইতালির দক্ষিণ উপকূলে একের পর এক অন্তত ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। আকস্মিক এই ভূকম্পনের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের মুখে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে সেখানকার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ট্যাবলয়েড দৈনিক ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইতালির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে যে, স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিসিলি অঞ্চলের তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মেসিনা ও পালেরমো এলাকায়। এছাড়া বাকি ১১টি কম্পনের মাত্রা ছিল ৩.০-এর ওপরে।
ভূমিকম্পের পর পরিস্থিতি সামাল দিতে সিসিলির সিভিল প্রটেকশন প্রশাসন তাৎক্ষণিকভাবে অরেঞ্জ বা কমলা রঙের ‘সুনামি সতর্কতা’ জারি করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালেরমো ও মেসিনা অঞ্চলের সব স্কুল খালি করে দেওয়া হয়। এমনকি ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের দ্রুত নিরাপদে বের করে আনা হয়। হঠাৎ এমন দুর্যোগে আতঙ্কিত সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত বছর ইতালির নেপলস শহরে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানের খারাপ আবহাওয়ার মধ্যে নতুন করে একের পর এক এই ভূকম্পন ও সুনামির পূর্বাভাসে পুরো ইতালীয় উপকূলে এখন চরম সতর্ক অবস্থা বিরাজ করছে।


