...|...|...

খেলা

গোল করেও ম্যাচসেরার পুরস্কার না নিয়ে আলোচনায় রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৫
Shares
গোল করেও ম্যাচসেরার পুরস্কার না নিয়ে আলোচনায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোল করে আলোচনায় আসার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কার নিয়ে সতীর্থের প্রতি উদারতা দেখিয়ে সবার নজর কেড়েছেন আল নাসরের এই পর্তুগিজ তারকা। নিজের জন্য নির্বাচিত পুরস্কারটি তিনি তুলে দিয়েছেন সৌদি সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের হাতে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে লিগের ১১তম ম্যাচে আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় আল নাসর ও আল ফয়সালি। ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশী জোয়াও ফেলিক্সের ফ্রি কিক থেকে পাওয়া ক্রসে হেড করে গোল করেন রোনালদো। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য নির্বাচিত হলেও সেটি নিজে গ্রহণ করেননি তিনি।

ম্যাচের শেষ দিকে আরও একটি গোল পেয়েছেন বলে মনে করেছিলেন রোনালদো। সতীর্থ আব্দুল্লাহ আল হামদানের পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণ না করে রোনালদো যে আচরণ করেছেন, তা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরো সময়ের খেলা শেষ হওয়ার পর আল হামদানকে মাঠে ডেকে নেন তিনি। এরপর পুরস্কার বিতরণের মঞ্চের সামনে গিয়ে হাসিমুখে সতীর্থের হাতে তুলে দেন ট্রফিটি। পরে দুজন একসাথে ছবিও তোলেন। রোনালদোর এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

আল ফয়সালির বিপক্ষে আল নাসরের জয়ে আল হামদানও বড় ভূমিকা রেখেছেন। তার গোলেই প্রথম এগিয়ে যায় দলটি। পরে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যাঞ্জেলোর করা তৃতীয় গোলটিতেও অবদান রাখেন তিনি। এ ছাড়া রোনালদোর অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটির পাসও এসেছিল তার কাছ থেকে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮২। ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে তার গোল ৮৩৬টি। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল।

ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তার গোল ১৪৫টি। আল নাসরের হয়ে ১৩৪, জুভেন্টাসের হয়ে ১০১ এবং স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন পাঁচ গোল।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ছয়। এর মধ্যে সৌদি প্রো লিগে পাঁচটি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি গোল করেছেন তিনি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল।