ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল ফয়সালির বিপক্ষে জালে বল পাঠিয়ে নিজের অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮২-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল।
৪১ বছর বয়সেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তার গোলেই আল ফয়সালির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে আল নাসর।
প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোয়াও ফেলিক্সের পাস থেকে আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। দলের অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৮২। বিভিন্ন ক্লাবের হয়ে ১ হাজার ১০৯ ম্যাচে তার গোল ৮৩৬টি। আর পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল।
ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন ৫ গোল।
চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই পর্তুগিজ তারকা। আল নাসরের হয়ে এখন পর্যন্ত তার গোল ছয়টি- সৌদি প্রো লিগে পাঁচটি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে একটি।
ক্যারিয়ারের ১ হাজার গোল পূর্ণ করতে আর মাত্র ১৮ বার প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে রোনালদোকে। বয়সকে উপেক্ষা করে তার এই অগ্রযাত্রা এখন ফুটবলবিশ্বের অন্যতম আলোচিত মাইলফলক।


