...|...|...

খেলা

আইপিএলে খেলোয়াড় থেকে প্রধান কোচের দায়িত্বে কাইরন পোলার্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪০
Shares
আইপিএলে খেলোয়াড় থেকে প্রধান কোচের দায়িত্বে কাইরন পোলার্ড

কাইরন পোলার্ড। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাথে ১৬ বছরের সম্পর্কের ধারাবাহিকতায় এবার মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। খেলোয়াড় ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর এবারই প্রথম কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পোলার্ড।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন পোলার্ড। দলটির পাঁচটি আইপিএল শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন এই ক্যারিবীয় তারকা। একই সাথে দলের ঐতিহ্য ধরে রাখা, খেলোয়াড়দের উন্নতি এবং সমর্থকদের আরও সাফল্যের আনন্দ উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পোলার্ড। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে দলটির আইপিএল শিরোপা জয়ের অভিযানে ছিলেন তিনি। আইপিএলে ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট।

২০২২ সালে সর্বশেষ খেলোয়াড় হিসেবে আইপিএলে অংশ নেন পোলার্ড। পরের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। চার মৌসুম ধরে এই দায়িত্ব পালনের পর এবার ফ্র্যাঞ্চাইজিটির কোচিং কাঠামোর সর্বোচ্চ পদে উন্নীত হলেন তিনি।

প্রধান কোচের দায়িত্ব পেয়ে পোলার্ড বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। মুম্বাই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। এই দল, খেলোয়াড়েরা এবং পল্টনের সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান। খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি জানি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং দলের নীল ও সোনালি জার্সি গায়ে জড়ানোর সাথে কী ধরনের দায়িত্ব জড়িয়ে আছে।’

দলের ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়া এবং নতুন খেলোয়াড়দের দক্ষতা বিকাশে কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন পোলার্ড। তিনি বলেন, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং পল্টনকে উদ্‌যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’

পোলার্ডের নতুন দায়িত্বে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে ভাগাভাগি করে চলেছে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান।’