...|...|...

খেলা

বার্সার জার্সিতে প্রথম ‘এল ক্লাসিকো’, শৈশবের স্বপ্নপূরণের অপেক্ষায় জেসুস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৮ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৫
Shares
বার্সার জার্সিতে প্রথম ‘এল ক্লাসিকো’, শৈশবের স্বপ্নপূরণের অপেক্ষায় জেসুস

গাব্রিয়েল জেসুস। ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে শৈশবের লালিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। রবিবার ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে প্রথমবারের মতো বার্সার জার্সিতে এল ক্লাসিকো খেলার সুযোগ পাচ্ছেন তিনি। চলতি মৌসুমে নতুন ক্লাবে যোগ দিয়ে ভালো ছন্দে থাকা এই ফরোয়ার্ডের সামনে এবার নিজেকে বড় মঞ্চে প্রমাণ করার পালা।

রবিবার (২৫ অক্টোবর) রাতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর দ্রুতই দলের সাথে মানিয়ে নিয়েছেন জেসুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে চার গোল করেছেন তিনি। ম্যাচের আগে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসুস বলেন, “প্রথমবারের মতো এল ক্ল্যাসিকো খেলতে পারাটা সত্যি এক স্বপ্নের মতো। বার্সেলোনার জার্সি গায়ে চাপানোর ইচ্ছেটা আমি কখনোই লুকিয়ে রাখিনি। বহু আগেই এটা আমার লক্ষ্য ছিল, আর সেই স্বপ্নের সাথেই জড়িয়ে ছিল ক্লাসিকো খেলার সুযোগটাও।”

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন জেসুস। নতুন দলের আক্রমণভাগে দ্রুত জায়গা করে নেওয়ার পাশাপাশি গোলের ধারাবাহিকতাও ধরে রেখেছেন তিনি। এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ছন্দ কাজে লাগাতে চাইবেন এই ফরোয়ার্ড।

স্পেনের মাটিতে এটাই জেসুসের প্রথম এল ক্লাসিকো হলেও বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে। ম্যানচেস্টার সিটিতে থাকার সময় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছেন তিনি। সাবেক আর্সেনাল ফরোয়ার্ডের ক্যারিয়ারে রয়েছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এবং চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার অভিজ্ঞতাও।

তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ের আবহ যে অন্য ম্যাচের চেয়ে আলাদা, তা ভালোভাবেই জানেন জেসুস। বিশ্বের অন্যতম আলোচিত এই ফুটবল দ্বৈরথে নিজের সামর্থ্য দেখানোর পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে চান তিনি।

জেসুস বলেন, “এর আগে গুরুত্বের বিচারে অনেক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার হয়েছে। তবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের দ্বৈরথ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা রোমাঞ্চ।”