...|...|...

বিশ্ব

ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি আর নেই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৫
Shares
ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি আর নেই

ছবি: সংগৃহীত

ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা, ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। দীর্ঘ জীবনে ইসলামি আইনশাস্ত্র, গবেষণা ও ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণ এই ধর্মীয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার কার্যালয়। বিবৃতিতে তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং খ্যাতিমান ধর্মীয় শিক্ষক হিসেবে অভিহিত করা হয়েছে।

১৯২১ সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করেছেন। তার কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা অসংখ্য শিক্ষার্থীর মধ্যে অনেকেই পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন।

ইসলামি আইনশাস্ত্র ও ধর্মীয় গবেষণার পাশাপাশি শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য।

ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর ইরানে ফিরে আসেন তিনি। পরে কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা করেন। শিয়া মুসলিমদের কাছে তিনি প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ধর্মীয় নেতা। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে যান বলে জানিয়েছে তাসনিম।

তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে একজন প্রবীণ ও প্রভাবশালী আলেমের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। তার জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।