যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য প্রকাশের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে কোনো হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য হামলার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এ ধরনের হামলা হলে তাদের এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।’
ইরানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ তারা উন্মাদ। এ কারণেই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।’
এর আগে সোমবার (১৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করে থাকতে পারে।
তবে সম্ভাব্য এই হামলার পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।


